এসএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ
সারাদেশে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এরপর সব বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন।
এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য চার; ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক তিন দুই শতাংশ। এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.২৩%। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৮২.৮০%। জিপিএ ৫ পেয়েছে দশ হাজার ৮২৩ জন। সিলেটে পাসের হার ৮৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯শ ২০ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৪০ শতাংশ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই শিক্ষার পিছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার প্রতি শৃঙ্খলার পাশাপাশি ছেলেমেয়েদের মধ্যে আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। শুধু সাদাসিধে এমএ, বিএ পাস করলেই হবে না, বিশ্ব পরিমন্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষাই সরকার দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।
শিক্ষায় সরকারের নানামুখী পদক্ষেপের কথাও উল্লেখ করে তিনি বলেন, ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা, সরকার একটা নিয়মের মধ্যে আনতে সক্ষম হয়েছে। স্বাক্ষরতার হার বর্তমানে ৭৬ শতাংশ বলেও জানান। তবে শিক্ষা থেকে ছাত্ররা কেনো কমে যাচ্ছে, তার কারণ খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান।



Comments
Post a Comment