শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে অনুভূতি জানালেন জায়েদ খান

 





ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের বহুল চর্চিত তারকার নাম জায়েদ খান। এই চিত্রতারকা নানা সময়ে, নানা বিষয়ে আলোচিত-সমালোচিত হয়ে থাকেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে আবার সংবাদের শিরোনামে জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এই নায়কের সদস্যপদ ফিরে পাওয়ার চিঠিও কার্যকর হয়েছে। সেই চিঠি শিল্পী সমিতির বর্তমান সেক্রেটারি মনোয়ার হোসেন ডিপজল স্বাক্ষর করেছেন। জায়েদকে সদস্যপদ ফিরিয়ে দেয়া চিঠিতে উল্লেখ আছে, আবেদনের প্রেক্ষিতে সমিতির কার্যকরী পরিষদের গত ৫ মে এবং ১৬ মে সিদ্ধান্ত মোতাবেক সদস্যপদ পুনঃবহল করা হলো।

ইতোমধ্যে সদস্যপদ ফিরে পাওয়ার চিঠি পেয়েছেন জায়েদ খান। শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে সংবাদমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে জায়েদ খান বলেন, 'অন্যায়ভাবে আমার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। কিন্তু মিশা-ডিপজল ভাই পরিষদ সেই অন্যায় প্রশ্রয় না দিয়ে সঠিক তদন্ত করে সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

চলতি বছরের মার্চে জায়েদ খানের সদস্যপদ বাতিলের খবর প্রকাশ্যে আসে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তৎকালীন সাধারণ সম্পাদক নিপুণকে নিয়ে তিনি মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন! সদস্যপদ ফিরে পেয়ে জায়েদ বললেন, 'নিপুণ ক্ষমতার অপব্যবহার করে সেসময় আমার সদস্যপদ স্থগিত করে। তবে অন্যায় কখনো চিরস্থায়ী হয় না, যার প্রমাণ পেলাম হাতেনাতে।'

এদিকে এর আগে সমিতির জরুরি সভা শেষে শিল্পী সমিতির মুখপাত্র ও সহ-সভাপতি  ডি এ তায়েব 
জায়েদ খানের সদস্যপদ ফিরে পাওয়ার বিষয়ে জানিয়েছিলেন, জায়েদ খান বর্তমান কমিটির কাছে তার সদস্যপদ ফিরে পেতে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, সংবিধানের প্রচলিত নিয়মের তোয়াক্কা না করে বার্ষিক বনভোজনের সাধারণ সভায় তার সদস্যপদ বাতিল করা হয়। তিনি যথাযথ ব্যাখ্যা দেওয়ায় আমরা তা খতিয়ে দেখে সত্যতা পাওয়ায় সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বেশ ব্যস্ত সময় পার করছেন চিত্রতারকা জায়েদ খান। স্টেজ পারফরম্যান্সে অংশ নিতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন। সম্প্রতি নায়িকা নুসরাত ফারিয়াকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার শো ট্যুর শেষ করে দেশে ফিরেছেন। আবার মে মাসের শেষ সপ্তাহেই "বাংলাদেশ ফেস্টিভ্যাল"এ লন্ডনে শো আছে তার। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার করা একটি বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়।

Comments