দিল্লিতে হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু
ভারতের রাজধানী দিল্লিতে একটি হাসপাতালে আগুনের ঘটনায় অন্তত ৭ নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাতে সেখানে আগুন লেগেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, রাত ১১টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লেগেছে বলে তাদের কাছে ফোনকল আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের ১৬টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়।
কর্মকর্তারা জানিয়েছে, হাসপাতালের দুইতলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাত শিশু প্রাণ হারায়।
এখনো আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। ইতোমধ্যেই ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রোববার (২৬মে) ভোরে দিল্লির কৃষ্ণ নগরে পৃথক এক ঘটনায় একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
দিল্লির দমকলের প্রধান আতুল গার্গ বলেন, শনিবার মধ্যরাত ২টা ৩৫ মিনিটে তাদের কাছে সাহায্যের জন্য ফোন আসে। এরপরেই দমকলের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।



Comments
Post a Comment