ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ
রাজস্থান রয়্যালসকে এবার ৩৬ রানে হারিয়ে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার (২৫ মে) চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্যাট কামিন্সদের ১৭৫ রানের জবাবে সাত উইকেটে ১৩৯-এ শেষ হয় সঞ্জু স্যামসনদের ইনিংস।
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের ধীরগতির উইকেটে এদিন টস হেরে ব্যাটিং পায় হায়দারাবাদ। শুরুটা ভালো না হলেও তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠীর ব্যাটে পাওয়ার প্লে-তে তিন উইকেট ৬৮ রান তুলে ফেলে ২০১৬ আইপিএল চ্যাম্পিয়নরা। ট্রাভিস হেড ২৮ বলে তিন চার ও এক ছক্কায় ৩৪ করে ফেরার পর ত্রিপাঠী ১৫ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৩৭ করে আউট হন।
এরপর হেনরিখ ক্লাসেন ফিফটি করে দলকে টেনে নেন। ৩৪ বলে চার ছক্কায় ৫০ রান করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ১০ ওভার দুই বলে ১০০ রান তোলা হায়দারাবাদের ইনিংস শেষ হয় ৯ উইকেট ১৭৫-এ। রান তাড়ায় পওয়ার প্লে'তে এক উইকেটে ৫১ তুলে ভালোই জবাব দেয় ২০০৮ সালের চ্যাম্পিয়নরা। তবে যশস্বী জয়সওয়াল ২১ বলে ৪২ করে আউট হওয়ার পর রানের চাকা থেমে যায় রাজস্থানের। এক উইকেটে ৬৫ রান থেকে ৯২-এ যেতে ছয় উইকেট হারায় তারা। এরপর ধ্রুব জুয়েলের ৩৫ বলে অপরাজিত ৪৬ রানে শুধু হারের ব্যবধানটাই কমেছে। বাঁ-হাতি স্পিনার শাহবাজ আহমেদ ২৩ রানে তিনটি উইকেট নেন। দুই দলের প্রথম পর্বের ম্যাচেও হেরেছিলো রাজস্থান।



Comments
Post a Comment