দিল্লিকে হারিয়ে টিকে রইলো বিরাট কোহলির বেঙ্গালুরু

 




প্রথম আট ম্যাচে মাত্র একটি জয়। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই দলটাই জিতলো পরের পাঁচটি ম্যাচ। রবিবার (১২ মে) দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন জিইয়ে রাখলো ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলিরা। 

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া বেঙ্গালুরু এদিন ৯ উইকেটে ১৮৭ রান করে। সর্বোচ্চ ৫২ রান রজত পাতিদারের। ৩২ বলে তিনটি করে চার-ছক্কায় ফিফটির ইনিংস খেলেন চারে নামা এই ব্যাটসম্যান। ২৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের।

এছাড়া, ক্যামেরন গ্রিন ২৪ বলে ৩২, আগের ম্যাচে ৯২ রান করা বিরাট কোহলি ১৩ বলে তিন ছক্কায় ২৭ করেন। রান তাড়ায় তিন ওভার তিন বলে ৩০ রান তুলতেই ডেভিড ওয়ার্নার, অভিষেক পোরেল, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও কুমার কুশাগ্রাকে হারায় দিল্লি।

এরপর শাই হোপকে নিয়ে পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন অধিনায়ক অক্ষর প্যাটেল। হোপ ২৩ বলে ২৯ রান করে ফেরার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাঁচ বল আগে ১৪০-এ অলআউট হয় দিল্লি। ১৬তম ওভারে দলকে ১২৮ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অক্ষর। পাঁচ চার ও তিন ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেন এই স্পিনিং অলরাউন্ডার। এই জয়ে ব্যাঙ্গালুরু ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে দিল্লিকে ছয়ে নামিয়ে পাঁচে উঠেছে।

Comments