চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে গুজরাট টাইটানস

 




সাই সুদর্শন ও শুবমান গিলের রেকর্ড ছোঁয়া ওপেনিং জুটিতে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। শুক্রবার (১০ মে) আহমেদাবাদে দুই ওপেনারের সেঞ্চুরিতে গুজরাটের তিন উইকেটে করা ২৩১ রানের জবাবে আট উইকেটে ১৯৬ করে চেন্নাই। 

এই জয়ে গুজরাটের আইপিএলে প্লে-অফ খেলার সম্ভাবনা গাণিতাকভাবে টিকে থাকলো। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১০ রান তোলেন সুদর্শন ও গিল। আইপিএলের ওপেনিং জুটিতে এই রান যুগ্মভাবে সর্বোচ্চ। 

২০২২ আসরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের লোকেশ রাহুল ও কুইন্টন ডি কক কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সমান রান তুলে রেকর্ডটি গড়েছিলেন। ৫১ বলে সাত ছয় ও পাঁচ চারে ১০৩, গিল নয় চার ও ছয় ছয়ে ১০৪ রান করেন। পেসার তুষার দেশপান্ডে দু'জনকেই ফেরত পাঠান। এরপর ডেভিড মিলারের ১১ বলে অপরাজিত ১৬ রানে তিন উইকেটে ২৩১-তে পৌঁছায় গুজরাটের স্কোর। রান তাড়ায় ১০ ওভারে তিন উইকেটে ৮৬ তুলে ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই। চতুর্থ উইকেটে মঈন আলি ও ড্যারিল মিচেলের ৫৭ বলে ১০৯ রান এবং শেষ দিকে এমএস ধোনির ১১ বলে ২৬ রানে হারের ব্যবধানটাই কমেছে মাত্র। মইন ৩৬ বলে ৫৬, মিচেল ৩৪ বলে ৬৩ করেন। ৮ উইকেটে ১৯৬-এ থামে চেন্নাইয়ের ইনিংস। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠলো গুজরাট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে চেন্নাই।

Comments