মায়ের সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ!
রংপুরের গঙ্গাচড়ায় কৌশলে বাড়িতে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য কবিরাজ আব্দুল খালেকের বিরুদ্ধে। ১৫ হাজার টাকায় নির্যাতিত গৃহবধূর আপন মা কবিরাজকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (১১ মে) রাতে জেলার গঙ্গাচড়া থানায় ধর্ষণের অভিযোগে আব্দুল খালেককে ১ নম্বর আসামি এবং ধর্ষণে সহযোগিতা করায় গৃহবধূর মাকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন গৃহবধুর স্বামী।
বাদীর অভিযোগ, তার শাশুড়ি গত বৃহস্পতিবার ১৫ হাজার টাকার লোভে মিঠাপুকুরে নিজের বাড়ি থেকে গঙ্গাচড়ায় কবিরাজের বাড়ি নিয়ে যান মেয়েকে এবং সেখানে রাত্রিযাপন করেন। রাতে থাকার সুযোগে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করেন কবিরাজ।
তবে গৃহবধূর মা অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে কবিরাজের বাড়িতে মেয়েসহ এক রুমে থাকলেও তিনি কিছুই বুঝতে পারেননি। এখন ঘটনাটি বুঝতে পেরে তিনি কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নির্যাতিত গৃহবধূ জানিয়েছেন, তার সঙ্গে রাতে জোরপূর্বক খারাপ কাজ করেছে কবিরাজ।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানিয়েছেন, এঘটনায় মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে।



Comments
Post a Comment