গাজা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরাইলের
ফিলিস্তিনের গাজা থেকে হামাসের হাতে জিম্মি ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি বাহিনী।গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। উদ্ধাররা হলেন শানি লোক, অমিত বুসকিলা এবং ইজহাক গেলেরেন্তার।
এই তিনজনকে গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভালে হত্যা করা হয়। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানা বেড়ার কাছে চলছিলো নোভা মিউজিক ফেস্টিভাল। হামাসের হামলায় ওই ফেস্টিভালে ৩৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে এই তিনজনও ছিলেন। ওইদিন হামাসের হামলায় সবমিলিয়ে ১ হাজার ২০০ ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন।
জিম্মিদের মরদেহ উদ্ধারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর তিনজন জিম্মির মরদেহ উদ্ধারের খবরে আমি মর্মাহত। আমার স্ত্রী সারা এবং আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা আমাদের সব জিম্মিকে ফেরাবো— জীবিত অথবা মৃত। আমি আমাদের সাহসী সেনাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ছেলে ও মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছে।’ সূত্র: বিবিসি



Comments
Post a Comment