পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ, বরখাস্ত দুই কনস্টেবল

 





পুলিশের চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে সদর দফতর। 

শনিবার (১১ মে) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার (এসপি) ইনামুল হক সাগর এ তথ্য জানান। বরখাস্তকৃতরা হলেন, মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

এসপি ইনামুল হক সাগর জানান, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের এক ব্যক্তিকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়েছে সদর দফতর। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

তিনি আরও জানান, পুলিশে চাকরিতে কোনো অর্থের প্রয়োজন হয় না। যোগ্যতা বিবেচনায় চাকুরি হয়। তাই কেউ যেন কাউকে অর্থ না দেন সে পরামর্শ দিয়েছেন তিনি।

Comments