চমকে দিয়ে প্লে-অফে কোহলিরা, জ্বলে উঠেও বিদায় নিলো ধোনিরা
প্রথম আট ম্যাচের ১টিতে জয়, বাকি সাতটি হার। আইপিএলের লিগপর্ব থেকে বিদায়ের শঙ্কা ছিল কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। কিন্তু পরের ৬টি ম্যাচ টানা জিতে চমক দেখিয়ে আইপিএলের প্লেঅফে জায়গা করে নিয়েছেন কোহলিরা। অন্যদিকে জয়-পরাজয়ের দোদুল্যমান থাকা ধোনির চেন্নাই শেষ ম্যাচে এসে বিদায় নিলো আসর থেকে।
শনিবার রাতে চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুতে ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলিদের পাঁচ উইকেটে করা ২১৮ রানের জবাবে ৭ উইকেটে ১৯১-এ থেমে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ইনিংস।
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন ২০০ রান করলেই নেট রানরেটে প্লে-অফের টিকেট পেতো চেন্নাই। টস জিতে সেজন্যই প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের কাছে দুই পয়েন্ট পেছনে থাকা ব্যাঙ্গালুরু ওপেনিং জুটিতে ৫৮ বলে ৭৮ রানের ভালো সূচনা পায়। অধিনায়ক ডু প্লেসিস ৩৯ বলে ৫৪, কোহলি ২৯ বলে ৪৭ করে আউট হওয়ার পর রজত পাতিদারের ২৩ বলে ৪১ ও ক্যামেরন গ্রিনের ১৭ বলে অপরাজিত ৩৮ রানে ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ২১৮ স্কোর গড়ে টানা পাঁচ ম্যাচে জয় পাওয়া স্বাগতিকরা।
জবাবে রাচিন রাভিন্দ্র ৩৭ বলে ৬১ ও আজিঙ্কা রাহানে ২২ বলে ৩৩ করে ফিরে গেলে জয়ের পথ কঠিন হয়ে পড়ে চেন্নাইয়ের। তবে প্লে-অফে ওঠার জন্য শেষ পাঁচ ওভারে ৭২ রানের প্রয়োজন রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনি অনেকটাই নাগালের মধ্যে নিয়ে আসেন। কিন্তু ধোনি ১৩ বলে ২৫ করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফিরলে জাদেজা ও শার্দুল ঠাকুর শেষ চার বলে ১১ রানের সমীকরণে দুই রান তুলতে পারেন। জাদেজা ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।



Comments
Post a Comment