খেলোয়াড়দের ধর্ষণ-গর্ভপাতের অভিযোগ, সংগঠকের শাস্তি চায় মানবাধিকার কমিশন

 






বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ওঠা খেলোয়াড়দের ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আমলে নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তার বিরুদ্ধে মামলা ও শাস্তি হওয়া উচিত বলে মনে করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৬ মে) কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম স্বাক্ষরিত সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত অভিযোগ) থেকে এ তথ্য জানা গেছে।

জাতীয় মানবাধিকার কমিশন জানায়, গত ১০ মে বিভিন্ন গণমাধ্যমে ‘কুংফু-কারাতে শেখানোর বদলে কেড়ে নিতেন মেয়েদের সম্ভ্রম!’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করেছে।

প্রতিবেদন মতে, কুংফু-কারাতে শেখানোর ছলে মেয়েদের সম্ভ্রমহানী করেছেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। এতে রাজি না হলে মেয়েদের মারধর করে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করেছেন। এমনকি অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো ভয়ংকর অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এসব অপকর্মের অসংখ্য প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড পেয়েছে যমুনা টেলিভিশন।

Comments