ফখর-রিজওয়ানের বিস্ফোরক জুটিতে সমতায় পাকিস্তান

 




মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের রেকর্ড জুটিতে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়েছে পাকিস্তান। রবিবার (১২ মে) ডাবলিনে ১৯৪ রানের লক্ষ্যে নেমে ১৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাবর আজমরা। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরলো।

ডাবলিনের ক্যাসল এভিনিউতে শুক্রবার ১৮২ রান করে পাঁচ উইকেটে হেরেছিলো পাকিস্তান। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাবর। আইরিশরা ৭ উইকেটে ১৯৩ করে। লর্কান টুকার ৩৪ বলে পাঁচ চার ও দুই ছক্কায় সর্বাধিক ৫১ রান করেন। হ্যারি টেক্টর ২৮ বলে ৩২, গ্যারেথ ডেলানি ১০ বলে অপরাজিত ২৮ রান করেন।

শাহিন শাহ আফ্রিদি চার ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট নেন। পাকিস্তানকে ১৩ রানের মধ্যে সাইম আইয়ুব ও বাবরকে হারানোর পর আর পেছনে তাকাতে হয়নি। রিজওয়ান ও ফখরের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে সহজ জয়ের ভিত তৈরি হয়। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিলো রিজওয়ান ও হায়দার আলির ১০৫ রানের।

ফখর ৪০ বলে ছয়টি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৭৮ করেন। তার বিদায়ের পর রিজওয়ানের সঙ্গে আজম খানের ১৫ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬ ওভার পাঁচ বলে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ম্যাচসেরা রিজওয়ান ৪৬ বলে ছয় চার ও চার ছক্কায় ৭৫, আজম এক চার ও চার ছক্কায় ৩০ রান করেন।  

Comments