বাংলাদেশিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান




বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান সরকার। নতুন নীতি অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের ‘টেকসই উন্নয়ন ফি’ হিসেবে শুধু ১৫ ডলার দিতে হবে। এটি ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি এর সমান। ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বছরে ১৫ ডলারে খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে। রবিবার থেকে কার্যকর হয়েছে ভিসানীতি।

এর আগে ২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করেছিল ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশের পর্যটকদেরও দিতে হতো এই ফি। তবে ভারতের পর্যটকদের ক্ষেত্রে এসডিএফ ফি ছিল প্রায় ১৫ ডলার। এবার বাংলাদেশি পর্যটকদের জন্যও এসডিএফ ফি কমিয়ে ১৫ ডলার করা হলো। 

Comments