বুথ ফেরত জরিপ নিয়ে যা বললেন সোনিয়া গান্ধী

 




এই মুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত বিষয় লোকসভা নির্বাচনের ফলাফল। আরও সুনির্দিষ্টভাবে বললে বুথ ফেরত জরিপ। আর এই এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ যখন বলছে বিজেপি জোটের বিপুল জয়ের কথা তখন কথা বলেছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। 

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, আমরা খুব আশাবাদী যে, বুথফেরত জরিপে যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।

সোমবার (৩ জুন) তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তার শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসনেত্রী বলেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে। কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না। ভারতে লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপে এ-ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, বিজেপি একাই ৩৫০-৩৭৫ আসন পেতে পারে। এনডিএ ‘৪০০ পার’ করে যাবে।

কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী। সোমবার তিনি স্পষ্ট জানান, বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফল হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এসব বুথফেরত জরিপকে ‘ফেক’ বলে সমালোচনা করেছেন। সূত্র: এনডিটিভি

Comments