হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ
শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৮৩ রানের স্মার্ট টার্গেট দেয় ভারত। অবশেষে নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬২ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। বলা যায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বড় হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ।
শনিবার (১ জুন) ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে ভারত। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার সাঞ্জা স্যামসন। এরপর রোহিত শর্মার সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন ঋষভ পন্থ।
ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৩২ বলে চারটি চার আর চারিট ছক্কায় ৫৩ রান করে সেচ্ছায় সাজঘরে ফিরে যান ভারতীয় তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। এরপর ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন সুর্য কুমার যাদব। ২৩ বলে দুটি চার আর চারটি ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
অন্যদিকে ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার।
এছাড়া লিটন ও শান্ত করেন ৬ রান। তাদের বিদায়ের পর তাওহিদ হৃদয় ১৪ বলে ১৩ ও তানজিদ হাসান তামিম ১৮ বলে ১৭ রান করে আউট হন।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ৭০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১১ রানে ২৮ বলে ৪০ রান করে আউট হন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর বিদায়ের পর ৮ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ।
এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। অন্যদিকে, ভারতের হয়ে খেলেননি শেষ সময়ে দলে যুক্ত হওয়া বিরাট কোহলি।



Comments
Post a Comment