ভারতের বিপক্ষে গা গরম করতে মাঠে নামবে বাংলাদেশ

 




টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আগামীকাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। যে ম্যাচটি ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাস চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিলো টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ পায়নি তারা। যদিও বিশ্বকাপের আগে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক সিরিজ হারের সম্মুখীন হতে হয়েছিল বাংলাদেশকে। তাইতো ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই রিদমে ফিরতে চাইবে বাংলাদেশ। এই ম্যাচে দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি।

প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ^কাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

যদিও যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা। এমনটাই বিসিবির ধারবাহিক সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে বলেছেন সাকিব।

Comments