আরেকটি অবিশ্বাস্য ম্যাচ, সুপার ওভারে জয় নামিবিয়ার
এক কথায় দারুণ। আজ সোমবার (৩ জুন) নামিবিয়া এবং ওমানের মধ্যকার ম্যাচটি আপনি দেখে থাকলে এভাবে এটিকে সংজ্ঞায়িত করতে বাধ্য হবেন। ব্রিজটাউনে গ্রুপ ‘বি’ এর নামিবিয়া-ওমান ম্যাচের নিষ্পত্তি হলো শেষমেশ সুপার ওভারে। নির্ধারিত ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ডেভিড ভিসার ১৩ এবং গেরহার্ড ইরাসমাসের ৮ রানের কল্যাণে নামিবিয়া তোলে কোনো উইকেট না হারিয়ে ২১ রান। ২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেটে ওমান তুলতে পেরেছে মোটে ১০ রান।
১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নামিবিয়ারও। শূন্য রানেই এক উইকেট হারায় তারা। এরপর অবশ্য দলের হাল ধরেন নিকোলাস ড্যাভিন এবং ইয়ান ফ্র্যাইলিঙ্ক। নিকোলাস ৩১ বলে ২৪ এবং ফ্র্যাইলিঙ্ক করেছেন ৪৮ বলে ৪৫ রান। শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ৫ রান, হাতে ছিল ৬ উইকেট। মেহরানের দুর্দান্ত বোলিংয়ে নামিবিয়া তুলেছে ৪ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ওমানের পক্ষে ৩ ওভারে ৭ রান খরচায় ৩ উইকেট নেন মেহরান।
এর আগে টস হেরে ব্যাটি করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওমান। দলীয় ১০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। ১০০ রানও পেরুতে পারবে কি না এই শঙ্কায় যখন ওমানের ব্যাটাররা, তখন দলের হাল ধরেন জিশান মাকসুদ এবং খালিদ কালি। জিশান ২০ বলে ২২ রান করে আউট হলেও খালিদ তোলেন ৩৯ বলে ৩৪ রান। এছাড়া আয়ান খানের ২১ বলে ১৫ এবং শাকিল আহমেদের ৯ বলে ১১ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি।
নামিবিয়ার পক্ষে রুবেন ট্রাম্পলম্যান ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও, ৩.৪ ওভারে ২৮ রান দিয়ে ডেভিড ভিসা নেন ৩ উইকেট।



Comments
Post a Comment