তমা মির্জার জন্মদিনে রাফির ভালোবাসাময় শুভেচ্ছাবার্তা

 




দেশের বিনোদন জগতে এ সময়ের আলোচিত ও সফল নির্মাতা রায়হান রাফি। তার সকল নির্মাণে তিনি নিত্যনতুন চমক উপহার দিয়ে থাকেন। এবার প্রিয়তমার জন্মদিনে ভীষণ আবেগময় এক শুভেচ্ছা বার্তা দিয়ে সবাইকে বিস্মিত করলেন তিনি।

১ জুন (শনিবার) ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী তমা মির্জার জন্মদিন। তার এ বিশেষ দিন উপলক্ষে দিনের প্রথম প্রহরে অর্থাৎ শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ১২টা ১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভালোবাসাময় বার্তা দিয়ে তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাফি।

দেশের শোবিজ অঙ্গনের এ সময়ের জননন্দিত নির্মাতা রায়হান রাফি ও দর্শকপ্রিয় অভিনেত্রী তমা মির্জার মধ্যকার ভালোবাসার সম্পর্কের কথা সর্বজনবিদিত। এই তারকা জুটি প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কখনো কোনো মন্তব্য না করলেও কখনো লুকোছাপাও করেননি। যেকোনো অনুষ্ঠানে তাদের দুজনকে একসাথে যেতে দেখা গিয়েছে। এর আগেও তারা একে-অপরের জন্মদিন একসাথে পালন করেছেন। তবে এবার জন্মদিন শুরুর প্রহরে নির্মাতা রাফির শুভেচ্ছা বার্তা তাদের ভালোবাসার সম্পর্কে ভিন্ন মাত্রা যোগ করলো। রাফির পোস্ট নেটিজেনদের এই সম্পর্ক নিয়ে নিশ্চয়তার বার্তা দিল। রাফি সোশ্যাল মিডিয়ায় তমা মির্জাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'তোমার সাথে আরও একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। চলো এই মুহূর্ত উদযাপন করি! শুভ জন্মদিন তমা'

শুভেচ্ছা বার্তার শেষে নির্মাতা রাফি একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছেন। রাফির এই পোস্ট নেটিজেনদেরও প্রবল আন্দোলিত করেছে। এরইমধ্যে এই পোস্টে ১৩ হাজার লাইক, রিয়্যাক্ট পড়েছে। আর সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুধু কি তাই, চিত্রনায়িকা তমা মির্জা এই পোস্টের জবাবে মন্তব্যের ঘরে খুব মিষ্টি একটি প্রত্যুত্তর দিয়েছেন। আবেগে আপ্লুত হয়ে তমা লিখেছেন, 'আমিও খুব ভাগ্যবান যে তোমাকে আমার জীবনে পেয়েছি'। তিনিও মন্তব্যের সাথে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফি-তমা জুটির ভালোবাসার সুন্দর আদান-প্রদান সকলের মন কেড়েছে।

প্রসঙ্গত, তমা মির্জা এম বি মানিকের 'বলো না তুমি আমার' চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে অভিষিক্ত হন। ২০১৫ সালে 'নদীজন' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেত্রী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। রায়হান রাফি নির্মিত ওয়েব ফিল্ম 'সাত নম্বর ফ্লোর', 'ফ্রাইডে', ও 'খাঁচার ভিতর অচিন পাখী' - তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। এই নায়িকাকে সর্বশেষ রায়হান রাফি নির্মিত সিনেমা 'সুড়ঙ্গ' তে নায়িকা চরিত্রে বড় পর্দায় দেখা গিয়েছে।

উল্লেখ্য, রায়হান রাফি বর্তমানে বছরের সবচেয়ে আকাঙ্খিত ও প্রতীক্ষিত সিনেমা 'তুফান' এর মুক্তির অপেক্ষায় আছেন। এই সিনেমায় প্রথমবারের মতো তার নির্দেশনায় অভিনয় করেছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। অতি সম্প্রতি রায়হান রাফি তার সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। নির্মাতা রাফির বিশ্বাস তার এই সিনেমার মধ্য দিয়ে সিনেপ্রেমীরা দেশীয় সিনেমার সম্পূর্ণ ভিন্ন এক ধারা উপভোগ করবেন।

Comments